ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০১ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর নেমে এসেছে ভয়াবহ তাণ্ডব। প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে বুলডোজার দিয়ে একটি টিনশেড বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় ১৫০ থেকে ২০০ জনের একটি সশস্ত্র দল এই হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ ৪০ বছরের বসতভিটা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন।


ভুক্তভোগী মোসা. সুলতানা বেগম জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে মাত্র দুই ঘণ্টার মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়িটি ভেঙে ফেলে। সে রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সুলতানা বেগম বলেন, ‘রাতের বেলা আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি সব কাঁপছে। মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু দৌড়ে বাইরে গিয়ে দেখি আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। রাত ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘণ্টার মধ্যে আমার সমস্ত বাড়ি ভেঙে শেষ করে দিয়েছে। এখন আমি থাকব কোথায়?’


নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘এই বাড়ি আমার নানির বাড়ির সম্পত্তি ছিল, পাশে আমরা আরও কিছু জমি কিনেছি। আজ আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসানো হলো, আমি এর সুষ্ঠু বিচার চাই।’


ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকার সাড়ে ১২ শতাংশ পৈতৃক ও ক্রয়কৃত এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।


সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, এর আগেও গত ৫ নভেম্বর রাত ১১টার দিকে একই দল ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে এসেছিল। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


এলাকায় এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, রাতে বুলডোজার দিয়ে এভাবে একটি বাড়ি ভেঙে ফেলা কোনোভাবেই কাম্য নয়। সন্ত্রাসী যে-ই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করা দরকার।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সুলতানা বেগম গত ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার দিন অর্থাৎ সোমবার বিকেলেই অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারটিকে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু পুলিশ পরিদর্শনের কয়েক ঘণ্টা পরই গভীর রাতে এই হামলার ঘটনা ঘটল।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এ সম্পর্কিত আরো খবর