ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে তাঁর দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ পাওয়ার পরপরই এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁর বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেন, দেশে ফেরার মতো সাহস থাকলে শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাতেন না। তিনি লেখেন, ‘একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন আদৌ কি সে বেঁচে আছে?’
সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবু হানিফ আরও বলেন, ‘গত দুদিন আগে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো সীমান্ত দিয়ে পলাতক খুনি হাসিনা দেশে ফিরবেন, তাই নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা নাকি রাস্তা খুঁজতে সীমান্তবর্তী এলাকায় আসছিল। যদিও সে সব সংবাদে সঠিক কোনো সোর্স উল্লেখ ছিল না। এমনকি যারা সীমান্তে রাস্তা খুঁজতে আসছিলেন তাদের কোনো ছবিও গণমাধ্যম দেখাতে পারে নাই। আজকে আবার রয়টার্স সংবাদ প্রকাশ করেছে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চায় খুনি হাসিনা। সেটাও রয়টার্সকে জানিয়েছেন খুনি হাসিনার কথিত মুখপাত্র।’
এসব সংবাদের ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করে আবু হানিফ তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘আমি মনে করি এসব সংবাদের আসলে কোনো ভিত্তি নাই। একজন পলাতক খুনি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারে নাই, সে আবার দেশে ফিরবে? মানুষের মনে বড় প্রশ্ন আদৌ কি সে বেঁচে আছে? বাস্তবতা হলো যদি শেখ হাসিনা বেঁচে থাকে, তাহলেও সে দেশে ফিরবে না। কেননা দেশে ফেরার মত সাহস থাকলে সে কখনো পালাতেন না। খুনি হাসিনা ভালো করে জানে দেশের জনগণের হাত থেকে ৫ আগস্ট সেনাবাহিনী রক্ষা করতে পারলেও জনগণ আরেক বার সুযোগ পেলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না।’
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি বিমান পরিবহণের ব্যবস্থা চান। সৈয়দ মোজাম্মেল আলীর ভাষ্য অনুযায়ী, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা এবং এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন তিনি। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।