ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৫:০৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার জেরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ওই ঘটনার পরপরই সোমবার রাতে উপজেলার সাঁড়া ইউনিয়ন ও পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা এবং আত্মগোপনে থাকা উপজেলা যুবলীগের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় বাড়িতে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


রাত ১১টার দিকে একদল যুবক মোটরসাইকেলে মিছিল করে সাঁড়াগোপালপুর এলাকায় আত্মগোপনে থাকা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের নেতা ইমতিয়াজ চৌধুরী মিলনের বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং টেলিভিশন, ফ্রিজসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র লুটের পর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ততক্ষণে বাড়ির দেয়াল ও ছাদ ছাড়া প্রায় সবকিছু পুড়ে যায়। এ সময় সাঁড়াগোপালপুর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং আগুন নেভানোর পর নেসকোর কর্মীরা বিদ্যুৎ সংযোগ চালু করেন।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় সাঁড়া এলাকায় ছাত্রদলের যেসব নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন, তাদের লোকজনই জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছেন। তিনি বলেন, ‘বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’


যুবলীগ নেতা মিলন চৌধুরী আত্মগোপনে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার চাচা-চাচি ও পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।


অন্যদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অভিযোগ, কাকন বাহিনীর অনুসারী আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ছাত্রদলের মিছিল ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর বালুমহালের কর্তৃত্ব নিয়ে ঈশ্বরদীতে বিএনপির একাংশের নেতা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া বালুর ব্যবসা নিয়ে জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বিরোধ ছিল।


এসব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার প্রতিবাদে রাতেই ছাত্রদলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর