ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,  ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ বেয়ারিং প্যাডে ত্রুটি, মেঘনা-গোমতী পুরাতন সেতুতে যান চলাচল বন্ধ রংপুরে চার খুন: ৩০ নভেম্বরেই চার্জশিট দিচ্ছে ডিবি হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে মানুষ: মীর শাহে আলম ঈশ্বরদীতে গুলির পর জামায়াত ও যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার দেশে ফেরার সাহস থাকলে পালাতেন না: শেখ হাসিনাকে নিয়ে আবু হানিফ

হত্যা মামলায় সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৫:২৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই রিমান্ড মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক আসামি মোহাম্মদ সাঈদ খোকনকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানিকালে বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আবারও রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা ও কারণ উল্লেখ করেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করা হয়। উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।


ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এই রিমান্ড আদেশের তথ্য নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই তাঁকে আদালতে হাজির করে এ মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তখন শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাঁকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।


মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নিয়েছিল কিশোর আবদুল মোতালিব। সে সময় মিছিলে গুলি চালানো হলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর গত ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। আলোচিত এই হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এজাহারনামীয় ২৯ নম্বর আসামি।


এ সম্পর্কিত আরো খবর