কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রেথইর কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে । মসজিদের পেশ ইমাম ঘুমিয়ে পড়লে ০২ ই এপ্রিল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন
জানা যায়, কটিয়াদী -নিকলী আঞ্চলিক সড়কের পাশে
গড়ে ওঠা পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রেথইর এলাকায়
মসজিদটির সীমানা প্রাচীরের মধ্যে ইট আর সিমেন্টে দিয়ে একটি দান বাক্স নির্মাণ করেন মসজিদ পরিচালনা কমিটি।
প্রায়
শত বছর ধরে স্থানীয় ও পথচারী যানবাহনের যাত্রী সাধারণ ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে
টাকা-পয়সা দান করে আসছেন। মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েক মাস অন্তর অন্তর বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মসজিদ কর্তৃপক্ষ।
বুধবার রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে সব টাকাপয়সা নিয়ে যায়।
এ
বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক কমিশনার আলী হোসেন
জানান, যে মসজিদকে এই উপজেলার হাজার
হাজার মানুষ ভক্তি করেন। এই পথে যাওয়ার সময়
কয়েক মিনিট দাঁড়িয়ে মসজিদের জন্য দান করে
যান। সময় পেলে মুসুল্লিরা এসে ২ রাকাত নামাজ আদায় করেন এই মসজিদে।
দুঃখের
বিষয় সেই কবুলিয়ত মসজিদের দানবাক্সের তালা ভেঙে চোরেরা সব টাকাপয়সা নিয়ে গেছে। তিনি
আরও বলেন, ধারণা করা হচ্ছে দান বাক্সে লাখের
বেশি টাকা ছিল।
নাম
প্রকাশে অনিচ্ছুক নিয়মিত এক মুসল্লি জানান, এলাকায় মাদক সেবনকারীদের উৎপাত বেড়েই চলেছে, মাদকদ্রব্য দেদারছে বিক্রি চলছে।
রাতের বেলা মাদক সেবনকারীদের আনাগোনা বাড়তে
থাকে। মাদকের টাকা সংগ্রহের জন্য এ কাজ করতে
পারে বলে তিনি ধারণা করেন।
অত্র
মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী বলেন, মসজিদের দান বক্সের টাকা চুরি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ সময় চোরদের প্রতি
আল্লাহর হেদায়েত কামনা করেন তিনি।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন/আরআর