ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে চিহ্নিত লিটন ডাকাত সহ ৪জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের জগন্নাথপুর কমলার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজন ডাকাতকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শুম্ভুপুর জরুরমোড়ের গোলাম মোস্তফা ওরফে মুস্তাইল্লা ডাকাতের পুত্র লিটন মোল্লা ওরফে লিটন ডাকাত(৪৩), পৌর এলাকার সিদ্দিক মিয়ার পুত্র ফয়সাল আলম দিপু (৩২), ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের শহর আলীর পুত্র আব্দুর রহিম (২৬) ও -ভৈরবপুর উত্তরপাড়া স্টেডিয়ামের মোড়ের কামাল মিয়ার পুত্র হাবিবুল্লাহ আলিফ (২২)। এসময় তাদের কাছ থেকে দাঁড়ালো ছুরিসহ অন্যান্য দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়।
ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানীর নির্দেশে এ অভিযানের নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই ইমদালুল কবির। এসময় সঙ্গীয় ছিলেন এসআই কাজী রিপন সরকার, এসআই রাকিব বিন ইসলাম,
এএসআই (নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া, এএসআই মোঃ জাকির হোসেন মৃধা, কনস্টেবল শফিকুল ইসলাম ও কনস্টেবল ইলিয়াস হোসাইন প্রমুখ।
ভৈরব থানার এসআই এমদাদুল কবির বলেন, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদ পাই কমলার মোড়ে ৮/৯ জনের একটি ডাকাত দল অস্ত্রসস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি ওসি স্যারকে অবগত করে উনার নির্দেশে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে লিটন ডাকাত সহ চার ডাকাতকে আটক করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আকাশজমিন/আরআর