উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 152
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) জেলা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিনের পর দিন ধরে চলে আসা নানা অনিয়মের প্রেক্ষিতে মঙ্গলবার এ অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর এলজিইডির কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট কমিশন বা ঘুষ নেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পাই। আমরা সব প্রকল্পের নথিগুলো দেখলাম। যে নির্বাহী প্রকৌশলী বা যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করেছি।
তিনি বলেন, আমরা কমিশন আদায়ের তাৎক্ষণিক প্রমাণ পাইনি। তবে এটা দেখলাম যে, এক ঠিকাদার কাজ পেয়ে অন্য কেউ কাজ করছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই অনিয়ম হচ্ছে। কাজ নিয়ে নিজে না করে অন্য কেউ করলে অনিয়ম হওয়ার সুযোগ থেকে যায়। এভাবে কাজ হস্তান্তর করা প্রাথমিক অপরাধের মধ্যে পড়ছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।
তিনি জানান, মাঠপর্যায়ে কাজের মান কেমন তা তারা সরেজমিনে দেখবেন। তাদের সঙ্গে প্রকৌশলীকেও নেওয়া হবে। এসব দেখার পর তারা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দেবেন।#
আকাশজমিন/আরআর