কিশোরগঞ্জ ব্যুরো
কিশোরগঞ্জ ব্যুরো: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চরটেকী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা প্রত্যেকেই স্থানীয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বাড়ি ফিরছিল ইরিনা, প্রিয়া ও বর্ষা। এসময় ঝড়ো হাওয়া বইতে থাকে ও সেইসাথে বৃষ্টির সঙ্গে মূহুর্মূহু বজ্রপাত শুরু হয়। উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় আসতেই বজ্রপাত আঘাত হানে তাদের উপর।
এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় বর্ষারও মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশজমিন/আরআর