নড়াইল প্রতিনিধি
বরেণ্য
চিত্রশিল্পী এস.এম সুলতানের শিষ্য এবং শিল্পী সুলতানের হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইলের
এস.এম সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদার ইন্তেকাল করেছেন।
শনিবার (৩১ মে) ভোর ৫টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্র
সন্তান রেখে গেছেন। তাঁর বাড়ি নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামে। সম্প্রতি
তিনি ডায়াবেটিস, লিভার,কিডনি,স্বাসতন্ত্রসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুতে
নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার
বেলা ১১ টার দিকে প্রয়াত এই শিল্পীর মরদেহ নড়াইলে এসে পোঁছালে প্রথম সুলতান মঞ্চে
নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ এবং পরে শিশুস্বর্গের সামনে
তাঁকে শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার লিখন
কুমার রায়, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী
বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল এস.এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী
অনাদি বৈরাগী, এস.এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, চিত্রশিল্পী নিখিল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর
প্রতিনিধি গ্যালারি সুপারভাইজার মিজানুর রহমান,সম্মিলত সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তাঁকে দুপুরে পংকবিলা
গ্রামে নিজ বাড়ির অঙ্গিনায় সমাধিস্থ করা হয়।
প্রসঙ্গত,প্রয়াত এই শিল্পী ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ পাশ করেন। তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে ( যেমন-তেল রং, জল রং,চারকোল, কলম, কাঠ, পেন্সিল, এক্রেলিক ও ভাস্কর্য) একাধারে কাজ করেছেন। নড়াইলের সুলতান মঞ্চের শিল্পী এস.এম সুলতানের আবক্ষ ভাস্কর্য তাঁর হাতে তৈরি।
আকাশজমিন/আরআর