সিরাজগঞ্জ
প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু
করেছে। গত তিন দিনে
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ
শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট
এলাকায় ২৫ সেন্টিমিটার এবং
কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়েছে।
এতে নদীতীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমির মাঠ।
একই সময়ে জেলার অভ্যন্তরীণ
বিভিন্ন নদ-নদীর পানিও
বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জের
বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আগামী ২৫ জুন পর্যন্ত
সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের
মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং
বৃষ্টিপাত বাড়ছে, যে কারণে নদ-নদীর পানি বাড়বে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের
উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, যমুনা নদীর পানি বাড়ছে।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ
হার্ড পয়েন্ট এলাকায় গত ২০ জুন
৩ সেন্টিমিটার, ২১ জুন ৮
সেন্টিমিটার ও ২২ জুন
১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। একই
সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গত তিন দিনে
২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে
পানি বাড়লেও সিরাজগঞ্জে বিপদসীমার ২৯৭ সেন্টিমিটার ও
কাজীপুরে ২৮১ সেন্টিমিটার নিচ
দিয়ে প্রবাহিত হচ্ছে।
আকাশজমিন/আরআর