সিরাজগঞ্জ প্রতিনিধি / : 254
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ
শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা
অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত
করেছেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।
সোমবার
(২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ
মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, তারেকুল ইসলাম তারেক।
তিনি সিরাজগঞ্জ পৌরসভার রানীগ্রাম মহল্লার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে। যাবজ্জীবন
কারাদণ্ড পাওয়া চারজন হলেন, মৃত কাশেম আলীর দুই ছেলে সেলিম রেজা ও বাদল সেখ, আব্দুল
কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম এবং সাইফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম খান। সবাই রানীগ্রামের
বাসিন্দা।
মামলার
বিবরণে জানা যায়, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে ২০১৮ সালের ৩ অক্টোবর ভোরে ফজরের
নামাজ শেষে বাড়ি ফেরার সময় মোস্তফাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পর নিহতের স্ত্রী
শিখা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫
জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত
শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন
সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত
হওয়ায় আজ এই রায় দেন আদালত। অপর ১৩ জনকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
আকাশজমিন/আরআর