কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / : 208
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের
কোটালীপাড়ায় অভাব-অনটনের কারণে মাসুদা খানম (৪০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ অগাষ্ট )সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদা খানম উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের মাসুদ কাজীর স্ত্রী এবং
চার সন্তানের জননী।
মাসুদা খানমের স্বামী বলেন, ভোর রাতে ছোট ছেলের কান্নায় ঘুম ভাঙলে স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশের লোকজন নিয়ে খোঁজ শুরু করি। একপর্যায়ে পুকুর পাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, জমিজমা করার জন্য এলাকার মহাজন ও কয়েকটি এনজিও থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে বাড়ির জমি ও সংসারের একমাত্র আয়ের মাধ্যম অটোভ্যান বিক্রি করেও সুদের টাকা শোধ করতে পারেননি। এতে মাসুদা খানম কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন।
নিহতের দেবরের স্ত্রী লাখি বেগম বলেন, দুই বছর আগে সুদে টাকা নিয়ে ধান চাষ করেছিলেন মাসুদা খানমের স্বামী। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ায় সংসার অভাবে পড়ে যায়। এরপর কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ও জমি বিক্রি করে কিছু টাকা পরিশোধ করলেও সুদের পরিমাণ বেড়েই চলছিল। সম্প্রতি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে ঋণের চাপ—এসব কারণে মানসিক যন্ত্রণায় হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
আকাশজমিন/আরআর