চলতি মাসের শুরুতেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বাজারে সংকট ও চড়া দামের মাঝেই সিলিন্ডারপ্রতি খরচ ও চার্জ আরও বাড়াতে ফের সংস্থাটির কাছে প্রস্তাব জমা দিয়েছেন বেসরকারি এলপিজি ব্যবসায়ীরা।
কোম্পানিগুলোর প্রস্তাবে প্রতি কেজি এলপিজির মজুত, বোতলজাতকরণ, ঋণ ও অর্থায়ন ব্যয়, খুচরা বিক্রেতার কমিশন এবং প্রাতিষ্ঠানিক মুনাফা বাড়ানোর দাবি করা হয়েছে। ব্যবসায়ীদের এসব দাবি মেনে নেওয়া হলে বর্তমানে নির্ধারিত ১,৮৩৭ টাকার সিলিন্ডারের দাম এক লাফেই আরও ৩০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন ‘লোয়াব’ (LOAB)-এর যুক্তি, পরিচালন ও আমদানি খরচ বৃদ্ধির কারণেই এই সমন্বয় প্রয়োজন, অন্যথায় সরবরাহ ব্যাহত হতে পারে।
তবে সাধারণ গ্রাহক ও স্থানীয় পরিবেশকেরা ব্যবসায়ীদের এমন অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির মতে, বারবার গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষ ব্যবহার ছেড়ে দিতে বাধ্য হবে। অন্যদিকে, ভোক্তাধিকার সংস্থা ক্যাব (CAB) বিইআরসির এই গণশুনানিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তা বর্জন করেছে। ক্যাবের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিইআরসি আমদানিকারকদের সুবিধা করে দিচ্ছে এবং ভোক্তার অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে।