সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সুপ্রিম কোর্টের সব বিচারপতি অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া, দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতির মাধ্যমে বিচারব্যবস্থার কার্যক্ষমতা বাড়ানো এবং দ্রুততম বিচার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
ফুলকোর্ট সভায় আলোচিত একটি বিষয় ছিল ‘রেইনট্রি মামলা’ সংক্রান্ত। ওই মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফেরত দেওয়া হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়ার জন্য জিএ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।
সভায় মোট ২০টির অধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন এবং তারা দেশের বিচারব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় নানা পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন। এই পদোন্নতির মাধ্যমে বিচার বিভাগের ন্যায়বিচার প্রদানে আরও শক্তিশালী ও সক্ষম হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর