ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

শিবগঞ্জ-পিরব সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা


  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ-পিরব সড়কের লোহার ব্রিজ এলাকায় পুরাতন বক্স কালভার্টের উইং ওয়াল ধসে ৭ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী তিনটি ইউনিয়নের হাজারো মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে বক্স কালভার্টের পাশের অংশ ধসে পড়ে। এতে ভেঙে যায় উইং ওয়াল, সৃষ্টি হয় গভীর খাদ। এর ফলে সড়কের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শিবগঞ্জ-পিরব সড়কের কুড়াহার পুলিশ বক্স থেকে কামতারা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এসব স্থানে বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে। এলাকাবাসী জানান, কালভার্টের ধসের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলার পিরব, মাঝিহট্ট ও বুড়িগঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু কালভার্ট ধসে পড়ায় তারা এখন উপজেলা সদর বা জেলা শহরে যাতায়াতে বিপাকে পড়েছেন। বিশেষ করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন এই বক্স কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন পুরোপুরি ভেঙে পড়ায় দ্রুত নতুন ব্রীজ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। একই দাবি জানিয়েছেন পিরব ইউপি চেয়ারম্যান ইনছান আলী ও বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তারা বলেন, “উপজেলার প্রধান এই সড়কটি পুনর্নির্মাণ এবং রাস্তার দুই পাশে সম্প্রসারণের ব্যবস্থা না নিলে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, “উক্ত বক্স কালভার্টটি ভেঙে নতুন করে ২০ মিটার দীর্ঘ একটি ব্রীজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। এদিকে উইং ওয়াল ভেঙে যাওয়ায় জনসাধারণের সুবিধার্থে অস্থায়ীভাবে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “বক্স কালভার্টের উইং ওয়াল ভেঙে যাওয়ার ঘটনায় উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতের পদক্ষেপ নেওয়া হবে।” স্থানীয়রা দ্রুত সংস্কার ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন যাতে সড়কটি দিয়ে পুনরায় নিরাপদভাবে যান চলাচল শুরু করা যায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর