টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মায়ের হাত ছেড়ে দৌড়ানোর সময় মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঘাটাইল টু সাগরদিঘী আঞ্চলিক সড়কের দেওপাড়া ইউনিয়নের মাকড়াই কুমারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন একই এলাকার ভ্যান চালক মোঃ শামীম মিয়ার ছেলে। শিশুটি বাড়ির পাশেই অবস্থিত মাকড়াই মদিনাতুল উলুম মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্র ছিল। এই দুর্ঘটনায় তার পরিবার শোকস্তব্ধ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে তুহিন তার মায়ের সঙ্গে হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। তারা মাকড়াই ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তুহিন মায়ের হাত ছেড়ে দৌড়াতে শুরু করে। এ সময় সড়কের পাশে চলন্ত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরিস্থিতি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল খান এই ঘটনা নিশ্চিত করে বলেন, "আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আকাশজমিন / আরআর