বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত আইভীর জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। শুনানিতে তার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।
এর আগে চলতি বছরের মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।
গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সেলিনা হায়াৎ আইভী এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে শহরের পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে ২৭ মে আইভীকে দুই দিনের রিমান্ড শেষে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তবে হাইকোর্টের সর্বশেষ রায়ের মাধ্যমে তিনি পাঁচটি মামলায় জামিন পেলেন। এ বিষয়ে আইভীর আইনজীবীরা জানিয়েছেন, রায়ের অনুলিপি পাওয়ার পর জামিন প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তার মুক্তির উদ্যোগ নেওয়া হবে।