ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে নীতিগত সিদ্ধান্ত


ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

অনলাইন রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন ধরে এই কলেজগুলোতে মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির দাবি ছিল। এই যৌক্তিক চাহিদার পরিপ্রেক্ষিতেই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া তৈরি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে। এরপর খসড়াটি গত ২৪ সেপ্টেম্বর বিভাগটির ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়। পাঁচ হাজারের বেশি মতামত জমা পড়ে। একইসঙ্গে অনলাইনে মতবিনিময় এবং শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের অংশগ্রহণে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিভাগটি জানিয়েছে, সব মতামত আইনি কাঠামো ও বাস্তবতার আলোকে পর্যালোচনা করে খসড়াটি পরিমার্জনের কাজ চলছে। তবে অধ্যাদেশ চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়— সেদিকে মন্ত্রণালয় সচেতন। এজন্য সাত কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার বিষয়ে অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির প্রতিনিধিদের নিয়ে গত ১১ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়। এর আলোকে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর তারিখ ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিভাগটি আরও জানায়, সাত কলেজের শিক্ষক–কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য, সম্পদ ব্যবস্থাপনা এবং উচ্চমাধ্যমিক স্তরকে অন্তর্বর্তী ব্যবস্থায় রাখাসহ নানা জটিল বিষয় বিবেচনায় নিয়ে ধাপে ধাপে ও বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। সময় বেশি লাগলেও সর্বমহলে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়াই তাদের লক্ষ্য।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়াকে তারা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের ন্যায্য স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে বিভাগটি। পাশাপাশি ব্যক্তিগত মত, অসম্পূর্ণ তথ্য বা গুজবের মাধ্যমে যাতে বিভ্রান্তি ছড়ানো না হয়— সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ— পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার। প্রস্তাবিত নামটি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর