ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক বিপর্যয়ে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত


ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বিপর্যয়

  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৯:২৪ পিএম

ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক নেটওয়ার্কে হঠাৎ দেখা দেওয়া বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবায় আজ মঙ্গলবার মারাত্মক বিঘ্ন দেখা দেয়। ওয়েবসাইটের নিরাপত্তা ও ইন্টারনেট ট্রাফিক ব্যবস্থাপনায় পরিচিত এই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সমস্যা দেখা দেওয়ায় বিশ্বের বহু দেশে ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে বাধা তৈরি হয়। বিশেষ করে এক্স (সাবেক টুইটার), ‘লিগ অব লেজেন্ডস’ অনলাইন গেম, স্পটিফাই, ক্যানভা, গ্রাইন্ডার, অ্যামাজন ও চ্যাটজিপিটির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে বড় ধরনের সমস্যা দেখা দেয় বলে জানায় ডাউনডিটেক্টর নামের অনলাইন ট্র্যাকার।

ক্লাউডফ্লেয়ারের সেবা ত্রুটির প্রভাব ছিল ব্যাপক। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ার পরপরই বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে দেশেরও অসংখ্য সংবাদ পোর্টাল ও ওয়েবসাইট খুলছিল না। ব্যবহারকারীরা বিপুল সংখ্যায় অভিযোগ জানাতে শুরু করলে ডাউনডিটেক্টর প্ল্যাটফর্মে রিপোর্ট বাড়তে থাকে। পরে জানা যায়, শুরুর দিকে ক্লাউডফ্লেয়ার–সংক্রান্ত অভিযোগ প্রায় পাঁচ হাজারে পৌঁছালেও নিউইয়র্কের স্থানীয় সময় সকাল আটটার দিকে তা নেমে আসে ৬০০–তে। তবে ব্যবহারকারীদের রিপোর্টের ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ হওয়ায় প্রকৃত ক্ষতির সংখ্যা আরও বেশি বা কম হতে পারে।

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে প্রকাশিত এক হালনাগাদে ক্লাউডফ্লেয়ার জানায়, বহু গ্রাহককে প্রভাবিত করতে পারে এমন একটি সমস্যার বিষয়ে তারা অবগত হয়েছে এবং তা তদন্ত করছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করে যে তারা দ্রুততার সঙ্গে সমস্যার মূল কারণ খুঁজে বের করতে কাজ করছে। প্রায় ২০ মিনিট পরে তারা আরেকটি হালনাগাদ দেয়, যেখানে বলা হয় যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ত্রুটির উৎস এখনো তদন্তাধীন। পরে সকাল ৮টা ১৫ মিনিটে ক্লাউডফ্লেয়ার জানায়, তাদের কয়েকটি সেবায় ত্রুটির হার আগের অবস্থায় ফিরে এসেছে এবং বাকি সেবাগুলো স্বাভাবিক করতে কাজ চলছে।

ক্লাউডফ্লেয়ার সাধারণত সাইবার আক্রমণ ঠেকানো, ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত লোড করানো এবং নিরাপদ ইন্টারনেট সংযোগ বজায় রাখার মতো সেবা প্রদান করে থাকে। এই কারণে প্রতিষ্ঠানটির যেকোনো বড় ধরনের সমস্যায় বিশ্বের বহু ডিজিটাল সেবা অচল হয়ে পড়ে। আজকের এই ঘটনাও এর ব্যতিক্রম ছিল না। উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী এক্স ও চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারায় হতাশা প্রকাশ করেন। এদিকে, এসব প্ল্যাটফর্মের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

ইন্টারনেট সেবায় সাম্প্রতিক সময়ে বড় ধরনের বিঘ্নের ঘটনা বেড়েছে। গত মাসেও মাইক্রোসফট অ্যাজুরে বড় ত্রুটি দেখা দেয়। এর আগে গত অক্টোবরে অ্যামাজনের ওয়েব সার্ভিসে সমস্যা হলে স্ন্যাপচ্যাট, রেডিটসহ হাজারো ওয়েবসাইটের সেবা বিশ্বজুড়ে ব্যাহত হয়েছিল। আজকের ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ারের মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে তাদের একটি সেবায় ‘অস্বাভাবিক ট্রাফিক’ শনাক্ত করা হয়। তিনি বলেন, এই অস্বাভাবিক ট্রাফিকের কারণ এখনো জানা যায়নি। তবে সার্বিক ট্রাফিক যেন ত্রুটিমুক্তভাবে সার্ভ করা যায়, সেই লক্ষ্যে তারা পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে। ট্রাফিক স্বাভাবিক হলে এরপর এই অস্বাভাবিক পরিস্থিতির মূল কারণ খুঁজে বের করার দিকে মনোযোগ দেওয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর