লালমনিরহাট প্রতিনিধি / : 129
লালমনিরহাট পৌরসভার তিনদিঘী এলাকায় আলোচিত আব্দুল জলিল হত্যা মামলায় তার স্ত্রী মমিনা বেগম ও পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের পিপি আনোয়ার হোসেন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম ২৭ বছর বয়সী, জেলা শহরের মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে। তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২১ জুলাই রাতে পরিকল্পিতভাবে জলিলকে হত্যা করা হয়। প্রথমে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দাখিল হয়। মোট ২৭ জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে আদালত দোষীদের সাজা দেন।
রাষ্ট্রপক্ষের পিপি আনোয়ার হোসেন মিঠু বলেন, চার বছরের কঠোর শুনানির পর প্রমাণিত হয়েছে যে জলিলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। তাই আদালত এ কঠোর রায় দিয়েছেন।
নিহতের ভাই আব্দুর রশিদ রায় ঘোষণার পর বলেন, “আসামিদের ফাঁসির আদেশ হলে আমাদের মন শান্ত হতো। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, এবং আদালতে তা প্রমাণিত হয়েছে।”