কিশোরগঞ্জ ব্যুরো
কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশু হুমায়রা নিহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।
নিহতের চাচী সমলা আক্তার জানান, রবিবার রাত এশার আযানের পর হুমায়রা তার চাচা মোস্তাফারের ঘরে যায়। কিছুক্ষণ পর সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। এরপর শিশুটির মা তাকে খুঁজতে শুরু করেন। পরিবারের সদস্যরা সবাই ঘর থেকে বের হয়ে আশপাশ খুঁজতে শুরু করেন। পরে ঘরের পেছনে গিয়ে শিশুটির নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। শিশুটির শরীরে প্রচুর নখের আঁচড় ও কামড়ের দাগ ছিল, শরীরের বিভিন্ন অংশে মাংসও ছিল না। স্থানীয়দের ধারণা, শিশুটির মৃত্যু শিয়ালের কামড়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় শিশুদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, এ বিষয়ে তারা এখনও অবগত নন এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হবে।
স্থানীয়রা শিয়ালের আক্রমণ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, শিয়ালের আক্রমণের ঘটনা আরও বাড়তে পারে যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়।
আকাশজমিন / আরআর