নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা তাদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। ৬ ডিসেম্বর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত কর্মবিরতি কর্মসূচিতে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস, মনিরা আক্তার, সেলিনা আক্তার, আজশুদা আক্তার, সজীব মীর, মহাদেব বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান স্বীকৃতি ও নিয়োগবিধি সংশোধনের দাবি জানান। তারা আরও বলেন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড দেওয়া জরুরি।
বিক্ষুব্ধ স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি না মানা হলে সারাদেশের স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।