সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেছেন, “ভোটে কে জিতল, কে কাকে ভোট দিয়েছে বা কে হারল, সেটা আমাদের দেখার বিষয় নয়। দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়ি ফিরে আসবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের মূল কাজ।”
রোববার (৭ ডিসেম্বর) সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম লক্ষ্য হলো নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। আমরা সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেব। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেই অনুযায়ী কাজ করব।”
নতুন এসপি বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলায় চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করা হবে। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না সহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন, যেমন রাম কৃষ্ণ চক্রবর্তী (আর টিভি), আকরামুল ইসলাম (যমুনা টিভি), মোশাররফ হোসেন (কালের কণ্ঠ), গোলাম সরোয়ার (বণিক বার্তা), বিপ্লব হোসেন (মানবজমিন), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), গাজী ফরহাদ (স্টার নিউজ ও কালবেলা), হোসেন আলী (এনপিবি), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মৃত্যুঞ্জয় রায় (বার্তা২৪.কম), মাসুজ্জামান সুমন প্রমুখ।
এসপি জুয়েল আরও জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি। জনগণের স্বতন্ত্র ভোটাধিকার সুরক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, নিরাপদ পরিবেশ তৈরি করা এবং ভোটারদের নিরাপদে বাড়ি ফেরানোই পুলিশি দায়িত্ব।
সভায় বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়ও উপস্থিত ছিলেন। নবাগত এসপি সাংবাদিকদের কাছে বলেন, “পুলিশ হিসেবে আমরা নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালনা করতে চাই। সাংবাদিকদের সহযোগিতা ও জনগণের সচেতনতার মাধ্যমে নির্বাচন সফল হবে।”
আকাশজমিন / আরআর