ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বালিয়াকান্দি-মধুখালী রুটে আবারও বন্ধ বাস চলাচল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর মধুখালী-বালিয়াকান্দি সড়কে দীর্ঘ ১৩ বছর পর নতুন করে চালু হওয়া বাস চলাচল মাত্র কয়েক মাসের মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে। যাত্রী সংকটের কারণে এই রুটের পরিবহন সেবা স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যাত্রী সংখ্যা কম থাকার কারণে প্রতিদিনের খরচও উঠে আসছিল না। এ পরিস্থিতিতে বাস মালিকদের জন্য রুটটি চালু রাখা অসম্ভব হয়ে পড়েছিল। তাই বাধ্য হয়ে চলাচল স্থগিত রাখা হয়েছে।

বাস মালিক সমিতির একাধিক সদস্য জানিয়েছেন, রুটটি চালু রাখার চেষ্টা চললেও প্রতিদিন যাত্রী স্বল্পতার কারণে বাসগুলো প্রায় খালি অবস্থায় চলছিল। এর ফলে যাতায়াত ব্যয় ও রক্ষণাবেক্ষণ খরচও ওঠেনি। তাদের দাবি, যাত্রী না থাকলে রুটটি চালু রাখা আর সম্ভব নয়।

বাস চলাচল বন্ধের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীরা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এতে সময়, খরচ ও নিরাপত্তা—সব দিক থেকেই সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রুটটি সচল রাখতে প্রশাসনের তদারকি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। নাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুনরায় ধূলিসাৎ হবে।

সুকুমার বিশ্বাস বলেন, “সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে দীর্ঘ ১৩ বছর পর বালিয়াকান্দি-মধুখালী রুটে বাস চালু করা হয়েছিল। কিন্তু যাত্রী সংকটের কারণে মালিকদের খরচ উঠছিল না। তাই বাধ্য হয়ে গত ৪ ডিসেম্বর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বেহাল সড়ক অবস্থার কারণে বালিয়াকান্দি-মধুখালী রুটে বাস চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর ২৩ সেপ্টেম্বর রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে ৪০ কিলোমিটারের এ পথে পুনরায় বাস চলাচল শুরু হয়। তখন আশা করা হয়েছিল, যাত্রীদের সুবিধার্থে সেবা স্থায়ী করা সম্ভব হবে।

যাত্রীদের অসন্তোষ ও পরিবহন সংকটের কারণে এ রুটে বাস চলাচল আবার বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়রা হতাশ। তারা আশা করছেন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে রুটটি পুনরায় চালু করবে। এ ছাড়া যাত্রী স্বল্পতা কমাতে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন।


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর