উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 83
বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অরক্ষিত নলকূপ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব নলকূপে পড়ে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলার ফল।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘটে। দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালানোর পর শিশুটিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনা প্রশাসনিক উদাসীনতা ও দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলা হয়, প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। অরক্ষিত নলকূপের কারণে শিশু সাজিদের মৃত্যু সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলো সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন এবং অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি।
এ ছাড়া দায়িত্বে অবহেলাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় নোটিশে। এতে বলা হয়, ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনায় আর কোনো শিশুর প্রাণ না যায়, সে জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (PIL) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে। এতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপকে ‘মৃত্যুকূপ’ হিসেবে উল্লেখ করে শিশুদের জীবন ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। শিশু সাজিদের মৃত্যু নতুন করে অরক্ষিত নলকূপের ভয়াবহতা ও প্রশাসনিক অবহেলার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
আকাশজমিন / আরআর