আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলায় বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে বিজয় দিবসের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল শনিবার রাতে এই অভিযোগ করেন এবং দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানাগেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে শতাধিক বে-সরকারী সংস্থা কাজ করছে। অভিযোগ অনুযায়ী, এনএসএস-এর কমিউনিউকেশন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে এসব সমিতি থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অনিচ্ছুকদের তিনি প্রশাসনের ভয় দেখিয়ে বাধ্য করছেন বলে জানা গেছে।
সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল অভিযোগ করে বলেন, “জাকির হোসেন আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি দিতে অস্বীকার করলে তিনি আমাকে প্রশাসন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছিলেন।”
অন্যদিকে, স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি জানান, “গত বছর আমাকে দুই হাজার টাকা চাঁদা দিয়েছেন। এবার আবারও চাঁদা দাবী করলেও আমি দেইনি।”
বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর কমিউনিকেশন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন মোল্লা অভিযোগ শুনে বলেন, “আপনি নিউজ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই।” এরপর ফোন কেটে দেন।
আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ বাদল আকন জানান, “আমার কাছে বেশ কয়েকজন সঞ্চয় ও ঋণদান সমিতির পক্ষ থেকে অভিযোগ এসেছে। আমি জানি না কেন তিনি প্রশাসনের নাম ব্যবহার করে এই চাঁদা আদায় করছেন। এ ধরনের কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।”
বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, “আমরা মোঃ জাকির হোসেনকে চাঁদা আদায়ের জন্য কোনো অনুমতি দেইনি। তিনি যদি আদায় করেন, তা তার ব্যক্তিগত বিষয়।”
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “আমরা প্রশাসনের নামে চাঁদা আদায়ের কোনো অনুমতি দিইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।” এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার তদন্তাধীন রয়েছে।
আকাশজমিন / আরআর