অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশে সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫)। এ কাজে তাকে সহযোগিতা করেন মোঃ আরিফুল ইসলাম (৫০) ও নাড়ৎ (৪০)।
স্থানীয় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোঃ নূর আলম ও অন্যান্য সাংবাদিক ঘটনাস্থলে গেলে অভিযুক্ত বিল্লাল হোসেন মোল্লার কুপরামর্শে আরিফুল ইসলাম ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো রামদা, চাপাতি, ছুরি ও লাঠিসোটা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘খুন করে ফেলা হবে’ বলে হুমকি দেয়। ঘটনাস্থলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করে। এতে তাদের প্রাণে রক্ষা পাওয়া সম্ভব হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে প্রতিবাদ বা সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সুযোগ পেলেও প্রাণে মারার হুমকি দিচ্ছে। এতে সাংবাদিকদের জীবন ও নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিককে হত্যার হুমকির তথ্য পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সাংবাদিকদের নিরাপত্তা ও সুষ্ঠু সংবাদ পরিবেশ রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।