পাবনা(ঈশ্বরদী) প্রতিনিধি
সকল মহলে গ্রহণযোগ্য, ব্যক্তিত্বসম্পন্ন এবং প্রকৃত বিএনপির যেকোনো নেতাকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।
রোববার (২১ ডিসেম্বর) সকালে পাবনার ঈশ্বরদীর আইকে রোডস্থ ধান খোলায় সাত ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রার্থী বদল, মনোনয়নপত্র ক্রয় ও দাখিল, ধানের শীষের নির্বাচন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।
সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের মুখপাত্র ও প্রবীণ বিএনপি নেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে বক্তব্য দেন আব্দুস সোবহান, অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু, আলহাজ্ব আজি হক, ফজলুর রহমান মাস্টার, মিজানুর রহমান রঞ্জু ফকির, সরোয়ার হোসেন, দুলাল প্রাং, আবুল হোসেন দেওয়ান, আব্দুল লতিফ, রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন, হাজি আব্দুর রশিদ, এটিএম, আব্দুস সাত্তার বিশ্বাস, মোহাম্মদ আলী কাজল, আব্দুর রাজ্জাক মেম্বর, আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস, আক্তার হোসেন মল্লিক, জহুরুল ইসলাম বাচ্চু ফকির, আসাদু হক, ইউসুফ প্রাং, সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ, নজরুল ইসলাম মালিথা, আমিনুল ইসলাম, হাসেম আলী, লিটন মোল্লাহ, রঞ্জু ফকির ও মোস্তফা জামান নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যারা আওয়ামী লীগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছে, যারা লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের কোনো প্রতিনিধিকে দিয়ে ধানের শীষের বিজয় অর্জন সম্ভব নয়।
সভায় বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে তারা কখনোই আওয়ামী লীগ থেকে আসা কোনো প্রার্থীকে মেনে নিতে পারেন না। এই অবস্থান থেকে তারা পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থী পরিবর্তনের জোরালো দাবি জানান।
সভায় উপস্থিত তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামীকাল সোমবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের নামে মনোনয়নপত্র ক্রয় করা হবে। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, দলীয় আদর্শ, ত্যাগ ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়েই প্রার্থী চূড়ান্ত করতে হবে, তাহলেই জনগণের পূর্ণ সমর্থন পাওয়া সম্ভব হবে।
আকাশজমিন / আরআর