সাতক্ষীরার কলারোয়ায় গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়।
প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জলাশয় প্রস্তুতি থেকে শুরু করে চাষ ব্যবস্থাপনা, খাবার প্রয়োগ, রোগবালাই প্রতিরোধ এবং বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
প্রশিক্ষণে জলাশয় প্রস্তুতির ক্ষেত্রে চুন ও লবণ সঠিক মাত্রায় প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গলদা চিংড়ির খাবার ব্যবস্থাপনায় প্রতি ১৫ দিন পরপর পরিমাণমতো অটোপালিশ, চিটগুড় ও ইস্ট পাউডারের সংমিশ্রণ প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে পানির গুণগত মান উন্নত হয় এবং চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয় বলে জানান প্রশিক্ষক।
এ সময় আরও জানানো হয়, গলদা চিংড়ির পাশাপাশি একই জলাশয়ে রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল, তেলাপিয়া ও পুটি মাছ পরিমাণমতো চাষ করা যেতে পারে। এতে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চাষিরা অতিরিক্ত আর্থিক লাভবান হতে পারেন।
প্রশিক্ষণ প্রদান করেন কলারোয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবদুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ করলে রোগের ঝুঁকি কমে এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে হ্রাস পায়।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মনিরুজ্জামানসহ প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।