ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

বগুড়া-২ আসনে মান্নার মনোনয়ন বাতিল


বগুড়া-২ আসনে মান্নার মনোনয়ন বাতিল

  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বড় ধরনের সিদ্ধান্ত এসেছে। জাল হলফনামা দাখিল করাসহ হলফনামায় অসত্য তথ্য প্রদান ও তথ্য গোপনের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অসঙ্গতি ও বিধি লঙ্ঘনের কারণে সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামা যাচাই করে একাধিক গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। তার হলফনামায় নোটারী পাবলিকের তারিখ উল্লেখ রয়েছে ২৮/১২/২০২৫, অথচ প্রার্থী নিজে স্বাক্ষর করেছেন ২৯/১২/২০২৫ তারিখে। এতে প্রমাণিত হয় যে, প্রার্থীর স্বাক্ষর ছাড়াই আগের দিন হলফনামায় নোটারী পাবলিক সম্পন্ন করা হয়েছে, যা আইন অনুযায়ী জালিয়াতির শামিল।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন আচরণবিধি ও প্রার্থিতা সংক্রান্ত বিধি অনুযায়ী হলফনামায় সঠিক ও সত্য তথ্য প্রদান বাধ্যতামূলক। হলফনামায় তারিখ, স্বাক্ষর ও নোটারী পাবলিক সংক্রান্ত অসঙ্গতি প্রার্থিতার ক্ষেত্রে গুরুতর ত্রুটি হিসেবে বিবেচিত হয়। এ ধরনের জালিয়াতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

সূত্র আরও জানায়, হলফনামার তারিখসংক্রান্ত অসঙ্গতির পাশাপাশি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় ফৌজদারি মামলার তথ্যসহ একাধিক বিষয়ে অসত্য তথ্য প্রদান এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগও পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের সময় এসব অসঙ্গতি প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বগুড়া-২ আসনে আরেক প্রার্থী সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম দাখিল করেননি। এছাড়াও তিনি ফেরারি আসামি হিসেবে চিহ্নিত থাকায় তার মনোনয়নপত্রে আইনগত অসঙ্গতি দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন বিধিমালা অনুযায়ী প্রার্থীদের হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী দাখিল করা বাধ্যতামূলক। একই সঙ্গে কোনো প্রার্থী ফেরারি আসামি হলে তার প্রার্থিতা গ্রহণযোগ্য হয় না। এসব বিধি লঙ্ঘনের কারণে শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মনোনয়নপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। এখানে কারও প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। যেসব প্রার্থীর কাগজপত্রে আইনগত ত্রুটি, অসত্য তথ্য কিংবা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে, তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের এই সিদ্ধান্ত বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের মনোনয়ন বাতিল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। হলফনামা ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন কোনো ধরনের ছাড় দিচ্ছে না। এর ফলে ভবিষ্যতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলে আরও সতর্ক হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আপিল নিষ্পত্তির পর এই আসনে নির্বাচনী প্রতিযোগিতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর