দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়া সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছাবেন। জেলা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকে ঘিরে জেলা ও উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, বগুড়া সফর শেষে তারেক রহমান রংপুরে যাবেন। সেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার। ধারাবাহিক এই সফরসূচিকে কেন্দ্র করে উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন দলটির নেতারা।
বগুড়ার সঙ্গে তারেক রহমানের রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। সেই সূত্রেই বগুড়া বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের কাছে তারেক রহমানের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর শীর্ষ নেতৃত্বের উপস্থিতি সাংগঠনিকভাবে দলকে নতুন করে চাঙা করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে তার এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বগুড়ার পাশাপাশি রংপুর ও সিলেট সফরের মাধ্যমে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বলে জানা গেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে। সফরকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে এবং নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের বগুড়া সফরের সময় বিভিন্ন রাজনৈতিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকও হতে পারে। সফর উপলক্ষে বগুড়া জেলা বিএনপি বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে।
এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ায় আসতে যাচ্ছেন। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগ ও প্রত্যাশা কাজ করছে।
এ ছাড়া আগামী ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এই গণদোয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সব মিলিয়ে তারেক রহমানের এই সফর বিএনপির জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর বগুড়ায় তার উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর