ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিক্ষুদের সঙ্গে নীরব পদযাত্রায় ‘পিস ডগ’ আলোকা


  • আপলোড সময় : বুধবার ০৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত আর অস্থিরতার সময় এক নীরব কিন্তু শক্তিশালী শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে একটি পথকুকুর। গেরুয়া বসনধারী বৌদ্ধ ভিক্ষুদের সারির মাঝখানে শান্তভাবে হেঁটে চলা সেই কুকুরটির নাম ‘আলোকা’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভিক্ষুদের সঙ্গে তার নির্বিকার সহযাত্রা দেখে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে সে—‘পিস ডগ’ হিসেবে।

ভিডিওতে দেখা যায়, ভিক্ষুদের মতোই সংযত ও নীরব ভঙ্গিতে এক দেশ থেকে আরেক দেশে পা ফেলছে আলোকা। নেই দৌড়ঝাঁপ, নেই ভয় বা অস্থিরতা—শুধু নিঃশব্দ পথচলা। এই দৃশ্যই অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই বলছেন, কথাবার্তা বা ভাষণের চেয়েও এই নীরব যাত্রা অনেক বেশি শক্তিশালী বার্তা বহন করছে।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-গাজা সংঘাত এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অস্থির পরিস্থিতির প্রতিবাদে শান্তির আহ্বান জানাতে ১৯ জন বৌদ্ধ ভিক্ষু পদযাত্রা শুরু করেছেন। টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ মাইল দীর্ঘ এই যাত্রায় তাঁদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে আলোকা।

আলোকা কোনো বিশেষ জাতের কুকুর নয়। তার জন্ম ভারতের কলকাতার রাস্তায়—আর পাঁচটা পথকুকুরের মতোই অবহেলায়। ফেলে দেওয়া খাবার খেয়ে দিন কাটত তার। কয়েক মাস আগে ভারতে ভ্রমণে আসা একদল বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে তার জীবনের মোড় ঘুরে যায়।

বুদ্ধগয়া ও সারনাথ ঘুরে ভিক্ষুরা যখন কলকাতায় আসেন, তখনই কুকুরটি নিজে থেকেই তাঁদের অনুসরণ করতে শুরু করে। তখন তার কোনো নাম ছিল না। পরে ভিক্ষুরাই তার নাম দেন ‘আলোকা’। পালি ভাষায় যার অর্থ—আলো। ভিক্ষুদের মতে, আলোকের কপালের সাদা দাগ শান্তির প্রতীক বহন করে।

ভারত ভ্রমণ শেষ করে ভিক্ষুরা যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিয়মকানুনের জটিলতায় এক মাস দেরি হলেও আলোকাকে ফেলে যেতে রাজি হননি তাঁরা। সব প্রক্রিয়া সম্পন্ন করে কুকুরটিকেও সঙ্গে নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ভিক্ষুরা।

২৬ অক্টোবর থেকে টেক্সাসে শুরু হওয়া এই শান্তি পদযাত্রা যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি অঙ্গরাজ্য অতিক্রম করবে। আগামী ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে গিয়ে এই যাত্রা শেষ হওয়ার কথা। পথে পথে কৌতূহলী মানুষ ভিড় করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোকাকে ঘিরে ছড়িয়ে পড়ছে অসংখ্য পোস্ট ও মন্তব্য।

কখনো ভিক্ষুদের সঙ্গে নিরব পায়ে হেঁটে চলেছে আলোকা, কখনো ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ছে। আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে গাড়িতে উঠলেও তার পথচলা থেমে থাকছে না।

বিশ্ব যখন বিভক্তি, ঘৃণা আর সংঘাতে ক্ষতবিক্ষত, তখন গেরুয়া বসনধারী ১৯ জন ভিক্ষুর সঙ্গে কলকাতার এক পথকুকুরের এই যাত্রা হয়ে উঠেছে মানবতা ও সহাবস্থানের প্রতীক। কোনো স্লোগান নয়, কোনো ভাষণ নয়—নীরব পথচলায় শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে ‘পিস ডগ’ আলোকা।

সূত্র: আনন্দবাজার



এ সম্পর্কিত আরো খবর