ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বাউফলে পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে জখম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৬ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসান মৃধা (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার বাবা ও মাকেও মারধর করে আহত করা হয়। আহত অবস্থায় তিনজনকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসান মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শানেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান মৃধা স্থানীয়ভাবে ধান কাটার কাজ করতেন। এ কাজের মজুরি বাবদ বাচ্চু হাওলাদারের কাছে তার এক হাজার টাকা পাওনা ছিল। সন্ধ্যার দিকে হাসান ওই টাকা চাইতে গেলে বিষয়টি নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে বাচ্চু হাওলাদার ও তার ভাই মনির দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসান মৃধার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতরভাবে আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হাসানের চিৎকার শুনে তার বাবা সোহাগ মৃধা ও মা ফাতেমা বেগম ঘটনাস্থলে ছুটে আসেন এবং হামলা ঠেকানোর চেষ্টা করেন। তখন অভিযুক্তরা তাদেরও বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে বাবা-মা দুজনেই আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম জানান, রাত ৯টার দিকে তিনজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। হাসান মৃধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মনির অভিযোগ অস্বীকার করে বলেন, হাসানের সঙ্গে লেনদেনের বিষয়টি আগেই মিটমাট হয়ে গেছে। তিনি দাবি করেন, হাসান একজন মাদকাসক্ত। টাকা চাওয়ার সময় গালিগালাজ করলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং মারধরের ঘটনা ঘটে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর