ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আব্দুল জব্বার মৃধাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জেলা বিএনপির


  • আপলোড সময় : শুক্রবার ১৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি। বুধবার (১৪ জানুয়ারি) রাতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও বিষয়টি কয়েক দিন গোপন রাখা হয়। বৃহস্পতিবার রাতে দলীয় একটি সূত্রের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিসহ শোকজ নোটিশ গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে আব্দুল জব্বার মৃধাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্পষ্ট জবাব দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দলীয় শৃঙ্খলা সংক্রান্ত বিষয় হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আব্দুল জব্বার মৃধার নেতৃত্বে একাধিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সভা ও সমাবেশে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ আনা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, তিনি প্রকাশ্যে দলীয় অবস্থানের বিপক্ষে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাফনের কাপড় জড়িয়ে মিছিলের নেতৃত্ব দেন। তার এই কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন এবং এতে সংগঠনের আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগ এনে স্থানীয় বিএনপির একাধিক নেতা লিখিত অভিযোগ দাখিল করেন। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের পরিপ্রেক্ষিতেই জেলা বিএনপি কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব ও লিখিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পদ স্থগিত, পদচ্যুতি কিংবা আরও কঠোর সিদ্ধান্ত নেওয়ার সুযোগও রয়েছে বলে দলীয় সূত্র ইঙ্গিত দিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি শোকজ নোটিশের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি না, তা জানা যায়নি।

দলীয় নেতাদের মতে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সংগঠনকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর