ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগ, খেলবেন স্মিথ-মার্শ


  • আপলোড সময় : বুধবার ২১ জানুয়ারী, ২০২৬ সময় : ২:০৮ পিএম

ইউরোপে ক্রিকেটের মানচিত্র বদলে দিতে যাচ্ছে নতুন এক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর—ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের অংশগ্রহণ এবং সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মালিকানায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই লিগকে ঘিরে ইউরোপীয় ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।

এই লিগে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ। ছয় দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা হবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসভিত্তিক। ইউরোপে বহুজাতিক কাঠামোর এমন টি-টোয়েন্টি লিগ এর আগে দেখা যায়নি।

লিগটির মালিকানায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এবং বর্তমান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লিগের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত রয়েছেন। তারকাদের এই সম্মিলিত উদ্যোগ ইউরোপীয় ক্রিকেটে নতুন বিনিয়োগ ও দর্শক আকর্ষণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজি আমস্টারডাম ফ্লেমসের মালিকানায় আছেন স্টিভ ওয়াহ। তিনি নিশ্চিত করেছেন, এই দলে স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ ছাড়াও নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলবেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার হার্ড-হিটার টিম ডেভিডকে দলে ভেড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন ওয়াহ।

অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েল সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন আইরিশ উলভস দলের সঙ্গে। স্কটল্যান্ডভিত্তিক এডিনবরার ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম। সব মিলিয়ে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সরাসরি সম্পৃক্ততা এই লিগের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসর শুরু হবে আগামী ২৬ আগস্ট এবং চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এটি আইসিসি অনুমোদিত প্রথম বহুজাতিক ভিত্তিক টি-টোয়েন্টি লিগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে এই সময়সূচির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে সূচি সংঘর্ষের সম্ভাবনাও রয়েছে।

স্টিভ ওয়াহ মনে করেন, এই লিগ ইউরোপীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার একটি বাস্তব ও অর্থবহ উদ্যোগ। তিনি বলেন, তাদের লক্ষ্য কেবল একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন নয়, বরং ইউরোপে বিশ্বমানের ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা।

অভিষেক বচ্চন জানিয়েছেন, তারা ধাপে ধাপে অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতার মান বাড়াতে চান। প্রথম আসরে ম্যাচ আয়োজন করা হবে ডাবলিন ও নেদারল্যান্ডসে। ভবিষ্যতে আরও দেশ যুক্ত করে লিগের পরিসর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

ইটিপিএলের মাধ্যমে ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি স্থানীয় ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে খেলার সুযোগও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ সম্পর্কিত আরো খবর