ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:১৯ পিএম

অনলাইন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) ব্রিফিং করছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ব্রিফিংটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সচিব ব্রিফিং করবেন। বৈঠকে প্রধানত ভোটের প্রস্তুতি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া পদক্ষেপ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হবে।

তিনি আরও জানান, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার ভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইইউ পর্যবেক্ষক প্রায় ৫৮ জনের মতো রয়েছেন। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের কাছাকাছি বিদেশি পর্যবেক্ষক নির্বাচনের জন্য বাংলাদেশে আসতে পারেন।

এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক এবং পর্যবেক্ষকদের ইসিতে আবেদনের সুযোগ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। তবে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া আবশ্যক।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন করতে এই ব্রিফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠকের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের কাছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনার বিষয়গুলো তুলে ধরা। একই সঙ্গে ভোটের দিনগুলোতে বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর