শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ৯নং দেউলী ইউনিয়ন পরিষদের সদস্য সুজা মিয়া, মেহেদী হাসান খোকন, খলিল মিয়া, শাপলা বেগম, মিনু বেগম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোজাহারুল ইসলাম দুলা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টরা দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দেন তারা।
বক্তারা আরও বলেন, জাহাঙ্গীর আলম একজন জনপ্রিয় ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেউলী ইউনিয়নের সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।
এমন হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আঘাত উল্লেখ করে বক্তারা শাস্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
আকাশজমিন / আরআর