ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অসহায় মানুষের পাশে চট্টগ্রামের জেলা প্রশাসক


  • আপলোড সময় : বুধবার ২৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৪০ পিএম

একদিকে মেয়ের বিয়ের আয়োজন থমকে যাওয়া এক অসহায় মা, অন্যদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শয্যাশায়ী এক দিনমজুর—ভিন্ন দুই জীবনের গল্প হলেও সংকটে তাদের ভরসার জায়গা একটাই। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রামের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকার বাসিন্দা নাছিমা বেগম নিজেই অসুস্থ। তাঁর স্বামী আবুল কালাম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চার মেয়ের সংসারে তিন মেয়ের বিয়ে কোনোভাবে সম্পন্ন হলেও ছোট মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে চরম অসহায়ত্বে পড়েন তিনি। ধার-দেনা করেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছিল নাছিমা বেগমের।

শেষ ভরসা হিসেবে আজ বুধবার (২৮ জানুয়ারি) তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে হাজির হয়ে তার কষ্টের কথা তুলে ধরেন। বিষয়টি শোনার পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাৎক্ষণিকভাবে এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। এই সহায়তা পেয়ে নতুন করে সাহস ফিরে পান নাছিমা বেগম। তিনি জানান, জেলা প্রশাসকের পাশে দাঁড়ানোয় মেয়ের বিয়ের আয়োজন আবারও শুরু করতে পারছেন তিনি।

নাছিমা বেগম বলেন, “মেয়ের বিয়ের দিন ঠিক হলেও টাকার অভাবে সব থেমে যাচ্ছিল। ডিসি স্যারের সাহায্য না পেলে কী করতাম জানি না।”

অন্যদিকে চট্টগ্রামের সাতকানিয়ার মৈশামুড়া এলাকার দিনমজুর মোহাম্মদ ফরিদ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। হৃদরোগ, কিডনি জটিলতা ও প্যারালাইসিসে আক্রান্ত ফরিদ বাকশক্তিও হারিয়েছেন। একসময় দিনমজুরি করে চার সন্তানের সংসার চালালেও ২০২৩ সালের পর থেকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি ধার-দেনার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

ফরিদের স্ত্রী খালেদা বেগম জানান, স্বামীর চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। জেলা প্রশাসকের সহায়তা পাওয়ায় তারা আবারও বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “আমার স্বামী কিছুই করতে পারে না। সন্তানদের নিয়ে খুব কষ্টে ছিলাম। জেলা প্রশাসক স্যারের সহায়তাই এখন আমাদের বাঁচার ভরসা।”

ফরিদের মেয়ে ইসরাত আরা বলেন, “আব্বার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল। স্যারের সাহায্যে আমরা আবার আশা পেলাম। ডিসি স্যার আসলেই একজন মানবিক ডিসি।”

জেলা প্রশাসন সূত্র জানায়, এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক অসহায় মানুষ ও চট্টগ্রামের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক সংগঠনের পাশে দাঁড়ানো হয়েছে। নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট শোনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হচ্ছে।

ব্যস্ত প্রশাসনিক দায়িত্বের মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে বলে মত দিয়েছেন সহায়তা পাওয়া নাগরিকরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর