ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

আমি তো ঘরের সন্তান, আবার আসবো : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ৩১ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪০ পিএম

উত্তরবঙ্গ সফর শেষে রাজধানীতে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমি তো ঘরের সন্তান, আবার আসবো। আপনারা দোয়া করবেন।” স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে তিনি বগুড়ার মানুষের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথাও তুলে ধরেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পথসভাস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

তারেক রহমান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগণের সব ন্যায্য দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

দলীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী কৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভোটারদের কাছে পৌঁছানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং বিএনপির রাজনীতি ও কর্মসূচি সম্পর্কে তাদের জানাতে হবে।

তিনি আরও বলেন, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতাকর্মীদেরই নেতৃত্ব দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

বগুড়ার মানুষের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। বিরোধী দলে থাকলেও বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।

ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষমতায় গেলে বগুড়াকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা হবে।

সভা শেষে দুপুরের পর সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন তারেক রহমান। যাওয়ার পথে শাজাহানপুর ও শেরপুরের ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তিনি। এসব পথসভায়ও তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই সফর বগুড়াসহ উত্তরবঙ্গের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচনের আগে তার সরাসরি দিকনির্দেশনা নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হতে উৎসাহ জোগাবে বলে তারা মনে করেন।


এ সম্পর্কিত আরো খবর