ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নির্বাচনী দায়িত্বে বেইমানি চলবে না: ডিসি জাহিদ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৯:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে শতভাগ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের বেইমানি, শৈথিল্য কিংবা পক্ষপাতিত্ব কোনোভাবেই সহ্য করা হবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশ নেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ আজকের অবস্থানে এসেছে। এই অর্জনের সময় কোনোভাবেই বিবেক বিক্রির সুযোগ নেই। নির্বাচনের মতো একটি পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রে সামান্যতম বেইমানিও রাষ্ট্র ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। তাই প্রত্যেককে শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোটের দিন দায়িত্ব পালনের সময় নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই দেশেই তাঁদের সন্তান ভবিষ্যতে বেড়ে উঠবে। আজকের দায়িত্ব পালনের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন দেশ রেখে যাওয়া হচ্ছে।

নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এজন্য সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের মধ্যে এ বিষয়ে জানার আগ্রহ স্বাভাবিকভাবেই থাকবে। তাই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের গণভোট সংক্রান্ত আইন, বিধিবিধান ও পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ভোটারদের সঠিক তথ্য জানাতে হবে এবং কোনো ধরনের বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া যাবে না। দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জেলা প্রশাসক আরও বলেন, ব্যক্তিগতভাবে কারও কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা থাকতেই পারে। তবে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেই ভালোবাসা প্রকাশ করা যাবে না। এই সময় ভালোবাসা থাকতে হবে কেবল রাষ্ট্রের প্রতি এবং নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর আখলাফ, আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাক আহমদ এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে সাতকানিয়া উপজেলার ১২৬ জন প্রিজাইডিং অফিসার, ৭১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪২০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।



এ সম্পর্কিত আরো খবর