সিরাজগঞ্জ প্রতিনিধি / : 122
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। এবারের স্লোগান ছিলো "জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি"। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার। শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অতিথি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত সমাজ গড়ে ওঠার জন্য একাডেমিক বইয়ের পাশাপাশি ভাল বই পড়া অপরিহার্য। তিনি বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী এবং যুবকদের লাইব্রেরির প্রতি আগ্রহী হয়ে উঠতে এবং পরিবার থেকে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।
সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. সজিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয় এবং সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান স্বপনা খাতুন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ৪১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণকারীরা লাইব্রেরি ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছেন এবং তা তরুণ প্রজন্মের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন।
আকাশজমিন / আরআর