পাবনা প্রতিনিধি
পাবনা জেলা বিএনপির স্বতন্ত্র এমপি প্রার্থী জাকারিয়া পিন্টু অভিযোগ করেছেন যে, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাঁচ আগস্টের পর থেকে একটি সিন্ডিকেটের মাধ্যমে নমিনেশন কিনে এনে বিএনপি সেজেছেন। তিনি আরও দাবি করেন, আহবায়ক হওয়ার পর থেকে পাবনা জেলা বিএনপির ধ্বংসযজ্ঞ চালিয়েছেন।
শনিবার রাতে ঈশ্বরদীর চরাঞ্চল আলহাজ্ব মোড় স্লুইচগেট ও কামালপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগের পর আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাকারিয়া পিন্টু।
লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, রঞ্জু আহমেদ, পৌর বিএনপির নেতা ইসলাম হোসেন জুলেসসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।
জাকারিয়া পিন্টু বলেন, “হাটঘাট, ইটভাটা এবং জমি-ফসলের লুটপাটের মাধ্যমে বিশেষ সিন্ডিকেট টাকাপয়সা হাতিয়ে নমিনেশন কেনার মাধ্যমে ধানের শীষের প্রার্থী আসল বিএনপি নেতাদের পাশে না দাঁড়িয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির ভিতরে গুটিকয়েক মানুষ দলকে দুর্নীতির মাধ্যমে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।”
তিনি স্থানীয় নেতাদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “বিভক্তি ও অনিয়মের মাধ্যমে দলকে দুর্বল করার যে কোনো চেষ্টাকে প্রতিহত করতে হবে। জনগণের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় উপস্থিত নেতারা জাকারিয়া পিন্টুর বক্তব্যের সমর্থন জানিয়ে দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর