ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের


  • আপলোড সময় : বুধবার ২৮ অক্টোবর, ২০২৬ সময় : ৯:২৫ এএম

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রাথমিক বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। আজ বুধবার ভোরের দিকে তেল আবিবে নিজ দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি নেতানিয়াহুকে রাজনীতি থেকে অবসরের আহ্বান জানান। আইজেনকোট বলেন, "ইসরায়েলের ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে নেতানিয়াহুর নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে।" দেশের সামগ্রিক স্বার্থে পুনরায় নির্বাচন দেওয়ার ভুল সিদ্ধান্ত না নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে সমাজের সব মহলের প্রতিনিধিত্বকারী একটি ঐক্যবদ্ধ সরকার গঠনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


ভাষণে আইজেনকোট এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা বাকি থাকার বিষয়টি স্বীকার করলেও স্পষ্ট করে বলেন, নেতানিয়াহুর শাসনের বিরুদ্ধে এখন একটি বিশাল ও শক্তিশালী "জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা" তৈরি হয়েছে। সরাসরি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখাবেন না।"


একই সাথে দেশের সামরিক ও নিরাপত্তা প্রধানদের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, নেতানিয়াহু বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের প্রধান মাত্র, তাই যেকোনো রাজনৈতিক চাপ উপেক্ষা করে তাদের শুধুমাত্র ইসরায়েলের সাধারণ জনগণের স্বার্থে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দেশ থেকে বিভাজন ও উস্কানির রাজনীতির অবসান ঘটেছে দাবি করে তিনি অবিলম্বে সামরিক বাধ্যতামূলক নিয়োগকে (কনস্ক্রিপশন) অগ্রাধিকার দিয়ে নতুন জায়নবাদী সরকার গঠনের ঘোষণা দেন।


এদিকে ভোট গণনার সাথে সাথে গণমাধ্যমগুলোর বুথফেরত জরিপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল ১৩-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২০ আসনের নেসেটে (পার্লামেন্ট) নেতানিয়াহুর ডানপন্থী ব্লক এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক উভয়ই সমান সমান ৫১টি করে আসন পেতে পারে, যেখানে আরব দলগুলোর ঝুলিতে যাচ্ছে ১৮টি আসন।


এর আগে চ্যানেল ১২-এর জরিপে আইজেনকোটের ব্লককে ৫২টি এবং নেতানিয়াহুর ব্লককে ৫০টি আসন দেওয়া হয়েছিল। কোনো পক্ষই সরকার গঠনের ম্যাজিক ফিগার ৬১টি আসন স্পর্শ করতে না পারলেও, চ্যানেল ১২ জানিয়েছে যে রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ পরবর্তী সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকেই আমন্ত্রণ জানাতে পারেন। অবশ্য তা আনুষ্ঠানিক ফলাফল ও দলগুলোর সুপারিশের ওপর নির্ভর করছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোট পড়েছে রেকর্ড ৭৭.৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। আগামী ৪ নভেম্বর এই নির্বাচনের আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র: চ্যানেল ১২, চ্যানেল ১৩ (ইসরায়েল)


এ সম্পর্কিত আরো খবর