ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৪ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ বসাতে গিয়ে বোরিং করা গর্ত থেকে নিসৃত গ্যাসের আগুন টানা দুই দিন ধরে জ্বলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে এবং স্থানটি দেখতে ভিড় জমিয়েছেন বহু উৎসুক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাপেক্সের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

গত মঙ্গলবার সকালে উখিয়ার ছোট ইনানী সিকদার পাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ আগে সুপেয় পানির জন্য বোরিং করা হলেও পানি না মেলায় কাজ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ সেই বোরিং করা স্থান দিয়ে তীব্র বেগে গ্যাস ও আগুন বের হতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা বন্ধ করা সম্ভব হয়নি। সেখানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

 

নিরাপত্তার তাগিদে উখিয়া উপজেলা প্রশাসন ঘটনাস্থলটি বেষ্টনীর আওতায় এনে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে। পাশাপাশি পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সেখানে সার্বক্ষণিক তদারকি করছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করেছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী, জোর করে আগুন নেভানোর চেষ্টা করা হলে বড় ধরণের বিপদের ঝুঁকি তৈরি হতে পারে, তাই প্রাকৃতিকভাবেই এই গ্যাস ও আগুন শেষ হতে দিতে হবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই আগুন আরও এক সপ্তাহ পর্যন্ত জ্বলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর