ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মাসব্যাপী চলমান উত্তেজনা এবং পরোক্ষ শান্তি আলোচনার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে যাবে, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। ওয়াশিংটন আলোচনার ইতিবাচক অগ্রগতির দাবি করলেও তেহরানের সাফ কথা—আমেরিকাকে তাদের দেওয়া শর্ত মেনে নিতে হবে এবং নৌ অবরোধ তুলে নিতে হবে। ফলে দীর্ঘ ৯ মাসের যুদ্ধাবস্থার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার জানিয়েছেন, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় কিছুটা "অগ্রগতি" হয়েছে। তিনি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে বেশ আশাবাদী। ভ্যান্সের মতে, মার্কিন প্রশাসন পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পর ইরান যাতে তা পুনরায় গড়ে তুলতে না পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ না করলেও ইরানকে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান তিনি।
এর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটাতে ইরান একটি চুক্তি করতে চায়। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞার কারণে আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছে এবং দেশটির জনগণ সংঘাত নিয়ে ক্লান্ত। তবে ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ‘বল এখন ওয়াশিংটনের কোর্টে’ বলে জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত বা নিরাপদ করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের নৌ অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের যুক্তিসংগত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত চুক্তির প্রক্রিয়া শুরু করা অসম্ভব বলে জানান তিনি।
কূটনৈতিক এই বাকযুদ্ধের মধ্যেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তাঝুঁকি চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে পারস্য উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজেও হামলা চালানো হয়। এসব ঘটনার পর আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাপী নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
(সূত্র: অ্যাক্সিওস, আনাদোলু এজেন্সি)