ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

মূল্যস্ফীতির চাপে দিশেহারা পোশাক শ্রমিকরা, ন্যূনতম মজুরি নিয়ে নতুন বিতর্ক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ নভেম্বর, ২০২৬ সময় : ১:২০ পিএম

বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখলেও পোশাকশ্রমিকদের মজুরির দিক থেকে প্রতিযোগিতামূলক দেশগুলোর তুলনায় তলানিতে রয়েছে বাংলাদেশ। বর্তমান বাস্তবতায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকরা মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছেন। তবে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় আরও অধিক স্বচ্ছতা আনার তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশ্লেষকেরা।


বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশের স্থান ধরে রেখেছে। বিগত বছরে বিশ্ববাজারে দেশ থেকে প্রায় ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের পোশাক পণ্য রপ্তানি হয়েছে।


অথচ রপ্তানিতে শীর্ষের কাছাকাছি থাকলেও দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে মাত্র ১২ হাজার ৫০০ টাকা, যা মার্কিন ডলারে রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ১০১ ডলারে। আন্তর্জাতিক বা প্রধান প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, এর চেয়ে কম মজুরি রয়েছে কেবল শ্রীলঙ্কায় (৯০ ডলার)। এছাড়া ভিয়েতনামে ১৭৫ ডলার, ভারতে ১৯২ ডলার এবং চীনে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৩৭ ডলার পর্যন্ত রয়েছে।


ঐতিহাসিক পর্যালোচনায় দেখা যায়, অতীতে শ্রমিকরা যে দাবিই উত্থাপন করুন না কেন, চূড়ান্ত সময়ে তারা দাবির প্রায় অর্ধেক পেয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছেন। উদাহরণস্বরূপ, ২০১৮ সালের শ্রমিক আন্দোলনের সময় ১৭ হাজার টাকা দাবি করা হলেও শেষ পর্যন্ত তা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার টাকা। এর পাঁচ বছর পর ২০২৩ সালে শ্রমিকদের ২৫ হাজার টাকার দাবির বিপরীতে সরকার ও মালিকপক্ষ থেকে নির্ধারণ করা হয় সাড়ে ১২ হাজার টাকা।


সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বরে। দীর্ঘ তিন বছর পর বর্তমান বাজার পরিস্থিতির চরম ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা এবার ৩০ হাজার টাকা দাবি করছেন, যা বর্তমানের চেয়ে প্রায় ১৪০ শতাংশ বেশি। শ্রমিকদের মূল যুক্তি হলো, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহুগুণ বাড়লেও সেই তুলনায় তাদের প্রকৃত আয় বাড়েনি।


বিশিষ্ট অর্থনীতিবিদ ও নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এই বিষয়ে বলেন, ‘শ্রমিকরা তাদের প্রত্যাশার কাছাকাছি বা জীবনমানের উপযোগী মজুরি কখনোই পাননি’। তিনি আরও উল্লেখ করেন, গত তিন বছরের লাগাতার উচ্চ মূল্যস্ফীতির কারণে আগের যে কোনো সময়ের তুলনায় এবার মজুরি অনেক বেশি হওয়া উচিত। তবে একই সঙ্গে গত দুই বছর ধরে দেশের পোশাক খাত যে নানা ধরনের ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে গেছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


ড. মোয়াজ্জেম স্পষ্টভাবে জানান, নূন্যতম মজুরি নির্ধারণের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ, খোলামেলা এবং অংশগ্রহণমূলক করা জরুরি। তার মতে, বর্তমান প্রক্রিয়ায় কার্যকর দরকষাকষির সুযোগ অত্যন্ত সীমিত এবং প্রশাসনিক চাপে প্রায়শই শ্রমিক নেতারা তাদের যৌক্তিক দাবি থেকে পিছিয়ে যেতে বাধ্য হন। তিনি বলেন, ‘আমরা পরিমাণ-নির্ভর (ভলিউম বেইজড) রপ্তানি বেশি করি বিধায় আমাদের লভ্যাংশের পরিমাণ কম থাকে’। তবে যেটুকু লভ্যাংশ অর্জিত হয়, সেখান থেকেও শ্রমিকদের মজুরি যুক্তিসংগতভাবে বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো স্থানীয় ও আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চললে জীবনযাত্রার উপযোগী মজুরি নিশ্চিত করা আরও সহজ হতো।


শ্রমিক অসন্তোষ ও চলমান আন্দোলন দ্রুত নিরসনের স্বার্থে ড. মোয়াজ্জেম কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো—জানুয়ারির বার্ষিক বেতন বৃদ্ধি থেকে শ্রমিকরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন। পাশাপাশি, দরকষাকষিতে কিছুটা বিলম্ব হলেও নতুন নির্ধারিত মজুরি যেন পূর্বের মতো গত ডিসেম্বর মাস থেকেই কার্যকর করা হয়।


অন্যদিকে, পোশাক খাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘দেশের তৈরি পোশাক বাণিজ্যে বিশৃঙ্খলা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে অত্যন্ত নেতিবাচক বার্তা যায়’। নবগঠিত মজুরি বোর্ডের যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তা মালিকপক্ষ মেনে নেবে বলে আশ্বস্ত করে তিনি বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির নাজুক দিকটি বিবেচনায় রাখার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান।


এ সম্পর্কিত আরো খবর