মোংলা বন্দরের দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণসহ একাধিক উন্নয়ন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দিনব্যাপী সফরে খুলনা ও বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্ধারিত সূচি অনুযায়ী সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি বাগেরহাটের মোংলায় পৌঁছান সরকারপ্রধান। সফরসূচির শুরুতেই মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি।
এরপর ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে দুটি নতুন কন্টেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামোগত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোংলা বন্দরের কর্মসূচি শেষ করে দুপুরে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।
মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে মধ্যাহ্নযাত্রাবিরতি করবেন সরকারপ্রধান। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস—সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আজই তার ঢাকায় ফেরার সূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। খুলনা ও বাগেরহাটের প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে নানা ব্যানার ও চিত্র তুলে ধরেছেন স্থানীয় নেতাকর্মীরা। সফর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা।