দেশের খাদ্যনিরাপত্তা আরও সুসংহত করতে এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সংগ্রহের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, চলতি মৌসুমে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি ও নীতিগত সিদ্ধান্তসমূহ তুলে ধরে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তিনি দেশবাসীর আশ^স্ত করে জানান যে, দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্যাদি তুলে ধরে উপদেষ্টা জানান, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের উৎপাদন খরচের সঙ্গে একটি সম্মানজনক ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান বিক্রি করতে চাইলে কৃষকের কাছ থেকে তা ক্রয়ের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা নিয়ে রেখেছে সরকার। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় খাদ্যনিরাপত্তা জোরদার করার পাশাপাশি বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে মাত্র ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম নির্বিঘ্নে চলমান রয়েছে।
জ্বালানি খাতের সার্বিক চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কার্যকর মোকাবিলায় সরকার সৌরশক্তি বা সোলার এনার্জির ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে এ বিষয়ে অত্যন্ত উৎসাহ জুগিয়ে চলেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, দেশের কোটিপতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নতুন করে নির্ধারণের লক্ষ্যে ইতিমধ্যে বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এই নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে। পাশাপাশি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় প্রেরণের ঐতিহাসিক অঙ্গীকারের অংশ হিসেবে প্রাথমিক ধাপে ৩০০ প্রার্থী নির্বাচনসহ নানামুখী অগ্রগতি অর্জিত হয়েছে।
শিক্ষা, ক্রীড়া ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। সরকার ক্রীড়া ও সংস্কৃতিকে কেবল সাধারণ শখের বিষয় হিসেবে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মের জন্য একটি লাভজনক পেশা ও সৃজনশীল অর্থনীতি হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনের অংশ হিসেবে মেট্রোরেল লাইন-১-এর নির্মাণকাজের জন্য আরও চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম বহুগুণ বাড়াতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একইসঙ্গে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করে জরিমান আদায় ও বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের কঠোর কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।