ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি কৃষকের জন্য সারে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি ঘোষণা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ নেই বাংলাদেশে: সালাহউদ্দিন আহমদ পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি ঝুঁকি মুক্ত পাঠদান: রায়পুরায় নতুন স্কুল ঘর উপহার ইউএনওর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ, ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার ওয়াসা গঠনেও কাটেনি সংকট, জলাবদ্ধতায় ভাসছে কুমিল্লা

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় অবহেলা করলেই বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১১ নভেম্বর, ২০২৬ সময় : ১২:৫৯ পিএম

দেশের পৌরসভাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় বিন্দুমাত্র অবহেলা বা শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত হবেন। আধুনিক ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ পৌর কর্তৃপক্ষগুলোর বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।

 

সম্প্রতি রাজধানী ঢাকার আগারগাঁওস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর নির্দেশনা দেন।

 

নগর ব্যবস্থাপনার অন্যতম প্রধান সংকট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল না থাকায় খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, যা মাস্টারপ্ল্যায়নকে বাধাগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের তাগিদ দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হবে।

 

এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই কর্মশালায় বিপুলসংখ্যক কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বড় অংকের অর্থ ব্যয় করে কর্মশালা আয়োজন করলেও ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তবে প্রকৌশলীদের সরব উপস্থিতি ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।

 

মাস্টারপ্ল্যানে রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবে তালিকায় নানা অনিয়ম হওয়ায় অনেক যোগ্য পৌরসভা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এজন্য জেলাভিত্তিক এবং 'ক' শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। বর্তমানে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে উল্লেখ করে তিনি রাস্তাঘাটের পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণে জোর দিতে নির্দেশ দেন।

 

জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিক সেবায় হয়রানি বন্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী জানান, কিছু পৌরসভায় ইচ্ছাকৃতভাবে সেবা স্থগিত বা দুর্নীতির মাধ্যমে অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়া সোলার প্যানেল বাবদ বরাদ্দ অব্যবহৃত রাখলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরে ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে এবং চলতি বছরেই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দে ৪১ লাখ নারী এই সুবিধার আওতায় আসবেন। যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ছাড়াও আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাড়ে তিন লক্ষাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান।

 

উক্ত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলীগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

 


এ সম্পর্কিত আরো খবর