ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় প্রতিমণ পেঁয়াজে ৭০০ টাকা বৃদ্ধি


  • আপলোড সময় : বুধবার ২৩ এপ্রিল, ২০২৫ সময় : ২:৪৬ এএম

কাজী বাবলা, পাবনা:

পাবনায় এক সপ্তাহের ব্যবধানে পাইকারী বাজারে পেঁয়াজের দাম প্রতিমনে ৬০০ থেকে ৭০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা  বেড়েছে। গত রোববার (২০ এপ্রিল) পেয়াঁজের রাজধানী খ্যাত পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে। প্রতিমণ পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা। যা গেল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৭০০ টাকা।

সুজানগরের চিনাখড়া বাজারের পেঁয়াজের পাইকার ব্যবসায়ী শুকুর শেখ জানান, চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। অনেকে বেশি বেশি করে কিনে ঘরে বাধাই করছে। পরে আরো বেশি দামের আশায় বিক্রি করবে ব্যবসায়ীরা গুদামজাত করছে।

সাঁথিয়ার আতাইকুলা হাটের পাইকার ব্যবসায়ী টিক্কা কাজী জানান, প্রতি হাটেই পেঁয়াজের দাম বাড়ছে। কারন এখন বাজারে ইন্ডিয়ার পেঁয়াজ নাই। আবার আগাম জাতের মুড়িকাটা  পেঁয়াজ ছিল সেটাও শেষ। এখন বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ। যা সারাবছর ঘরে থাকে। ফলে খুচরা ক্রেতারা কমবেশি সবাই বেশি করে পেঁয়াজ কিনছে।

পাবনা শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, খুচরা প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে  প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায়। এব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মুড়ি কাটা পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে। যে কারণে দাম কিছুটা বেড়েছে। এতে কৃষক লাভবান হচ্ছেন। তিনি আরো জানান, পাবনায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৮০১ হেক্টর জমি। আবাদ হয়েছে ৫৩ হাজার ১৫০ হেক্টর। উৎপাদন হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৬৩৭ মেট্রিকটন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর